পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করে।
এর আগে, ভোর ৫টা ১০ মিনিট থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় রাজবাড়ী ও মানিকগঞ্জ প্রান্তে আটকা পড়া যানবাহনের চালক, সহকারী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল ৮টার দিকে কুয়াশার চাদর সরে গেলে পুনরায় পারাপার শুরু হয়।
তিনি আরও জানান, বর্তমানে এই নৌরুটে যানবাহন পারাপারে ছোট-বড় মোট ১৪টি ফেরি নিয়োজিত রয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন