উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অচিরেই চালু হবে ‘হেলথ কার্ড’: ডা. আনোয়ারুল হক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৪:৪৬ পিএম
উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অচিরেই চালু হবে ‘হেলথ কার্ড’: ডা. আনোয়ারুল হক

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে সহজে মানসম্মত চিকিৎসা পায়, সেজন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আদলে দ্রুতই ‘হেলথ কার্ড’ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসপাতাল কর্মীদের উদ্দেশে ডা. আনোয়ারুল হক বলেন, চিকিৎসাসেবা একটি মহান পেশা। উপস্থিত সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতার সাথে পালন করতে হবে যাতে সাধারণ রোগীরা কোনোভাবেই হয়রানির শিকার না হয়।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসানের সভাপতিত্বে এবং ডা. ফারিয়া আজমাইন ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাজহারুল আমীন প্রমুখ। অনুষ্ঠান শেষে হাসপাতালের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

জেএইচআর