গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অ্যালামনাইদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গঠনতন্ত্র হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. নাজমুল ইসলাম সরকার, যিনি বর্তমানে চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবিরসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি সার্চ কমিটি গঠন করে। পরবর্তীতে কমিটির সুপারিশের ভিত্তিতে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির উদ্যোগে আট সদস্যের একটি গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করে, যা আনুষ্ঠানিকভাবে ভাইস-চ্যান্সেলরের কাছে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রাক্তন শিক্ষার্থীদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে একটি অনলাইন রেজিস্ট্রেশন ফরমের উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশে ও বিদেশে কর্মরত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের তথ্য সংগ্রহ করে একটি সুসংগঠিত ও শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি ও গর্বের প্রতীক। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।” তিনি আশা প্রকাশ করেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হলে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত অ্যালামনাই প্রতিনিধিরাও আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ধারাকে আরও সমৃদ্ধ করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন