নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে অর্থদণ্ড প্রদান করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে সেবা গ্রহীতাদের কাছ থেকে নামজারি করিয়ে দেওয়ার নামে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল, তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। আটক ব্যক্তি মো. জিয়াউর রহমান (৪৭) উপজেলার জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ এলাকার রুস্তমের ছেলে। অভিযোগ রয়েছে, নামজারি করিয়ে দেওয়ার কথা বলে তিনি তিনজন সেবা গ্রহীতার কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা নিয়েছিলেন।
অভিযান চলাকালে সোনারগাঁ থানার এসআই মাসুম লাভলুর নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল। এছাড়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. ইমরান হোসেন, সার্ভেয়ার ফয়েজ আহমেদ, পেশকার বায়েজিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীও উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আটক দালালকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ করে সাধারণ মানুষকে নির্বিঘ্ন সেবা দিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন