ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০২:৫২ পিএম
ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফেনীতে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জের সুলতানা পাম্পের বিপরীতে ঘোপাল ইউনিয়নের চৌধুরীপাড়া রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইকবাল হোসেন জিসান (২৩)। তিনি সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে। একই ঘটনায় মোটরসাইকেল আরোহী জিহানুল ইসলাম (২৩) নামের আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে মোটরসাইকেলে করে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন জিসান ও জিহানুল।

এ সময় তারা মুহুরীগঞ্জের সুলতানা পাম্পের বিপরীতে ঘোপাল ইউনিয়নের চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ডাম্পিং ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে তারা দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। অপর আহত জিহানুলকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ডাম্পিং ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন