পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

পাবনা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০২:১০ পিএম
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

পাবনায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়।

পাবনা গণপূর্ত অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

উদ্বোধন শেষে একটি জনসচেতনতামূলক র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি চলাকালে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধের উপায় সংবলিত লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পাবনা পৌর প্রশাসক মনিরুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা এবং অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা জরুরি। জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

জেএইচআর