মাদারীপুর জেলায় ডেঙ্গু বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে ‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ মশক নিধন ও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর) আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে এবং মশক নিধন স্প্রে করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু একটি সামাজিক সমস্যা, যা কেবল সরকারের পক্ষে নির্মূল করা সম্ভব নয়। প্রতিটি নাগরিক সচেতন হয়ে নিজেদের চারপাশ পরিষ্কার রাখলে মাদারীপুরকে দ্রুত ডেঙ্গুমুক্ত করা সম্ভব হবে।
পরিচ্ছন্নতা অভিযানে মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে: ড্রেন ও স্থবির জলাশয়ে মশক নিধন ঔষধ ছিটানো। শহরের প্রধান সড়ক ও আশপাশের ময়লা-আবর্জনা অপসারণ। জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও প্রচারণা।
অভিযানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মাদারীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা অভিযানে অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। কোনো স্থানে পানি জমে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন