মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যোগে ঈদ উপহার ও চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:০৮ পিএম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যোগে ঈদ উপহার ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোনে, পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় দুঃস্থ জনসাধারণের মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষ্যে খাদ্যসামগ্রী, আর্থিক অনুদান এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পলাশপুর জোন সদরে এই কর্মসূচীর সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

কর্মসূচীর আওতায় পলাশপুর জোনের বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে ঈদ উল ফিতর উপলক্ষ্যে ৫৫টি দরিদ্র মুসলিম পরিবার এবং ১টি মাদ্রাসা ও এতিমখানায় মোট ৫৯,৩৪০/- টাকার খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। এছাড়াও, বেলছড়ি ইউনিয়নের অন্তর্গত ১টি সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের মহোৎসব উদযাপনের জন্য নগদ ৩,০০০/- টাকা এবং ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য ক্লাসরুমে মোট ২০,৪০০/- টাকার ১২টি ডেস্ক ও ১২টি চেয়ার প্রদান করা হয়।

এই কর্মসূচীতে সর্বমোট ৯২,৭৪০/- (বিরানব্বই হাজার সাতশত চল্লিশ) টাকার মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে ৫৫টি বাঙ্গালী অসহায় মুসলিম পরিবার এবং ৩টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়েছে।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধাবঞ্চিত জনসাধারণের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক গরীব ও দুঃস্থ জনসাধারণকে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় দুঃস্থ বাঙ্গালী মুসলিম পরিবার ও এতিমখানার মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষ্যে খাদ্যসামগ্রী প্রদান, মন্দিরে বিশেষ আর্থিক সহায়তা এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে টেবিল ও চেয়ার অনুদান প্রদান করা হয়েছে। ৪০ বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে মানবিক ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অতীতেও স্থানীয় জনমানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

এএন