ভূঞাপুরে কার্ড পেলেও ভিজিএফের চাল পায়নি অনেক পরিবার

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)  প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:১১ পিএম
ভূঞাপুরে কার্ড পেলেও ভিজিএফের চাল পায়নি অনেক পরিবার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের কার্ড হাতে পেলেও চাল না পাওয়ার অভিযোগ তুলেছেন বেশ কিছু অসহায় পরিবার। এই ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকিরের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিকরাইল ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে সোমবার (১৬ মার্চ) নির্ধারিত সময়ে চাল নিতে এসে অনেক কার্ডধারী খালি হাতে ফিরে যান। 

স্থানীয় ভুক্তভোগী জলিল, আলতাফ ও আলমগীরের অভিযোগ, আমাদের হাতে সরকারি কার্ড থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছে চাল শেষ হয়ে গেছে। তাহলে আমাদের বরাদ্দের চাল কোথায় গেল? কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চাল শেষ হয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক বলে দাবি করেন তারা।

এদিকে, প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির দীলিপের বিরুদ্ধে ১০ কেজির জায়গায় সাড়ে ৮ কেজি করে চাল বিতরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে রাশিদুল ইসলাম ফকির দীলিপ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। অনিয়মের বিষয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে এবং তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান এ বিষয়ে জানান, কার্ডধারী ব্যক্তিদের চাল না পাওয়া বা ওজনে কম দেওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেএইচআর