বাগাতিপাড়ায় ঐতিহ্যবাহী বড়বাঘা ‘ঈদ আনন্দ মেলা’র শুভ উদ্বোধন

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১২:২৭ এএম
বাগাতিপাড়ায় ঐতিহ্যবাহী বড়বাঘা ‘ঈদ আনন্দ মেলা’র শুভ উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়বাঘা মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ১০ দিনব্যাপী ‘ঈদ আনন্দ মেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয়।

বড়বাঘা পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, হায়দার রশীদ সোনা, ইউনিয়ন বিএনপি সভাপতি মাহাতাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শত বছরের পুরনো এই মেলা অত্র এলাকার সামাজিক সম্প্রীতি ও গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করার একটি অন্যতম মাধ্যম। আয়োজক কমিটির সেক্রেটারি আলাউদ্দিন জানান, আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে টানা ১০ দিন এই মেলা চলবে। এতে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের স্টল, গ্রামীণ খাবার এবং শিশুদের বিনোদনের বিশেষ ব্যবস্থা থাকছে।

এলাকাবাসীর মতে, এই মেলা শুধু একটি উৎসব নয়, বরং এটি বড়বাঘার ঐতিহ্যের ধারক। স্থানীয় শতবর্ষী তাছিমুদ্দিন জানান, পূর্বপুরুষদের আমল থেকেই এই মেলার কথা শুনে আসছেন তারা, যা কয়েকশ বছরের পুরনো এক মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজক কমিটি সকলকে সপরিবারে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক আয়োজন সফল করার আহ্বান জানিয়েছেন।

জেএইচআর