মাগুরায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৪:৫৬ পিএম
মাগুরায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১

মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল কালিতলা বাজার এলাকায় একটি ইটভাটার জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উজ্জল (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন আজ দুপুরের দিকে ইটভাটার মালিকানা ও দখল নিয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়। এতে দীঘা ইউনিয়নের নাগড়া গ্রামের বাসিন্দা উজ্জল মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

আহত উজ্জলের স্বজনদের দাবি, প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ বলছে, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও অপর পক্ষের উসকানিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মহম্মদপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জমি সংক্রান্ত বিরোধটি আইনগতভাবে নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেএইচআর