কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৫:১৮ পিএম
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন ও বাসের সংঘর্ষের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে রেল প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বের অবহেলা সহ্য করা হবে না। তিনি আরও জানান, এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আহতদের চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আহতদের মধ্যে কাউকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রয়োজন হলে আমরা সেই ব্যবস্থাও করব। স্বাস্থ্যমন্ত্রী নিজে আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। রেল মন্ত্রণালয়ের এই নতুন ঘোষণাটি শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য বাড়তি সহায়তা হিসেবে গণ্য হবে।

জেএইচআর