রাজশাহীর পবায় গ্রামীণ ঈদ আনন্দ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৮:০০ পিএম
রাজশাহীর পবায় গ্রামীণ ঈদ আনন্দ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীর পবা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামীণ ঈদ আনন্দ’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বাগসারা স্কুল প্রাঙ্গণে হামেদিয়া সবুজ সংঘের উদ্যোগে এই আনন্দঘন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি গ্রামীণ ঈদ আনন্দ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল হক মিলন বলেন, গ্রামীণ ঈদ মানেই আমাদের নিজস্ব লোকজ বিনোদন, যা উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। বর্তমান সময়ে মোবাইল ও ইন্টারনেটের প্রভাবে নতুন প্রজন্ম আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা ও বিনোদন থেকে দূরে সরে যাচ্ছে। এই ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

তিনি আরও যোগ করেন যে, শহরের যান্ত্রিকতা ছেড়ে মানুষ এখনো গ্রামে ছুটে আসে এই অনাবিল আনন্দ উপভোগ করতে, তাই এই সুন্দর পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

নওহাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিমুদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ শেখ মো. মুকবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রহমান ডেট, পবা যুবদলের সাবেক সভাপতি মোর্তজা আলী, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতর আলী এবং বিএনপি নেতা কাজী আজিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেএইচআর