পর্যটন শহর রাঙ্গামাটি তীব্র জ্বালানি সংকটে ভুগছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার ভোররাত থেকেই শহরের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল পেরিয়ে দুপুরেও তেলের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে রাঙ্গামাটিতে তেলের এই সংকট দেখা দিয়েছে। শহরের বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। যেসব পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, সেগুলোতেও লম্বা লাইনের কারণে অশান্তি দেখা দিয়েছে।
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকেই কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না। শহরের কলেহ গেইন পাম্পে এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনা মোতায়েন করা হয়।
ভবিষ্যতে সংকট আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় মানুষ ডিজেল, অকটেন ও পেট্রোল কিনে মজুত করতে শুরু করেছেন। শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে মাত্র দুটিতে তেল সরবরাহ হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যারা তেল পাচ্ছেন, তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন