মাগুরায় ৬২ কোটি টাকার ব্যর্থ প্রকল্পের পর নতুন করে মহাসড়ক সংস্কারে গতি

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:২০ পিএম
মাগুরায় ৬২ কোটি টাকার ব্যর্থ প্রকল্পের পর নতুন করে মহাসড়ক সংস্কারে গতি

মাগুরা জেলার গুরুত্বপূর্ণ আর-৭ (N-7) জাতীয় মহাসড়ক ও ৭২০ আঞ্চলিক মহাসড়কের সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দৌলতদিয়া-ফরিদপুর-মাগুরা-যশোর-খুলনা জাতীয় মহাসড়কের মাগুরা অংশ (২৪.২৩২ কিলোমিটার) এবং মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের ৫.১৩১ কিলোমিটার অংশ সংস্কার করা হচ্ছে। ২৩ কোটি ১৯ লাখ ২৯ হাজার ৯৪৬ টাকা চুক্তিমূল্যের এই কাজটি বাস্তবায়ন করছে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের ২৬ নভেম্বর পর্যন্ত।

স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রায় ৬২ কোটি টাকা ব্যয়ে এই সড়কের কাজ করা হলেও তা অল্প সময়ের মধ্যেই দেবে গিয়ে বিপজ্জনক আকার ধারণ করে। এতে মহাসড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, পূর্বের কাজের ত্রুটির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। মানুষের কষ্ট লাঘবে এবার সর্বোচ্চ মান বজায় রেখে দ্রুত সংস্কার কাজ শুরু করা হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, নির্মাণকাজে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। স্থানীয় চালক ও বাসিন্দারা নতুন করে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, এবারের সংস্কার টেকসই হবে এবং যাতায়াত নিরাপদ হবে।

জেএইচআর