জ্বালানি তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:৩৩ পিএম
জ্বালানি তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’

সাতক্ষীরায় মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসনের অনুমোদিত বিশেষ ‘ফুয়েল কার্ড’ এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না।

বুধবার বিকেলে জেলা তথ্য অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম নিশ্চিত করেছেন যে, এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সকল ফিলিং স্টেশন থেকে শুধুমাত্র মোটরসাইকেলে জ্বালানি দেওয়া হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা সম্পূর্ণ বন্ধ থাকবে।

জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে চালককে অবশ্যই কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। তেল নেওয়ার সময় চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে থাকতে হবে এবং হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, চালকের কাছে জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ থাকতে হবে। এই কার্ডটি জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় অথবা জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনো অবস্থাতেই প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কনটেইনারে তেল নেওয়া যাবে না। অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 

এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন। নতুন এই নিয়মের ফলে সাতক্ষীরার মোটরসাইকেল ব্যবহারকারীদের এখন থেকে তেল সংগ্রহের সময় অবশ্যই ফুয়েল কার্ড ও সব বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে।

জেএইচআর