হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:৩৮ পিএম
হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে প্রো ভাইস-চ্যান্সেলর ও দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ডিন কাউন্সিল, হল সুপার কাউন্সিল, ইউট্যাব, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, জিয়া পরিষদ, সাদা দল, অফিসার্স ফোরাম এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ।

শ্রদ্ধা নিবেদন শেষে টিএসসি প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেএইচআর