পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাককে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘ দুই দশকের কর্মজীবনে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য তিনি এই পদোন্নতি পেলেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সুদীপ বসাক অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে গাসিক-এর যান্ত্রিক, পানি ও বিদ্যুৎ বিভাগে শৃঙ্খলা এবং জবাবদিহি নিশ্চিত করে তিনি প্রশাসনে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তাঁর কাজের মান ও নীতিনিষ্ঠা নগরবাসীর কাছেও প্রশংসিত হয়েছে।
সুদীপ বসাক ২০০৬ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন এবং ২০২২ সালে গাজীপুর সিটি করপোরেশনে যোগদান করেন। সহকর্মীদের মতে, তিনি সবসময় নীতিমালা মেনে কাজ করেছেন এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেননি।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর সুদীপ বসাক সৃষ্টিকর্তা, প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগ এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্ব যেমন গর্বের, তেমনি বড় চ্যালেঞ্জ। নগরের চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করা এবং নাগরিক সেবার গুণগত মান বাড়াতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
সংশ্লিষ্টরা মনে করছেন, সুদীপ বসাকের মতো সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার এই পদোন্নতি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে আরও ইতিবাচক পরিবর্তন আনবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন