প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফেনী জেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
শনিবার দুপুরে শহরতলীর কাজীরবাগ ইকোপার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজ বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই। সরকারের এই মহতী কর্মসূচি সফল করতে তিনি জেলার সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সঠিক পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তুলতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী পৌরসভার প্রশাসক মো. আল আমিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনীর ছয়টি উপজেলায় একযোগে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন