চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, চাঁদপুর প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:১০ পিএম
চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার ‘মাতৃমায়া’ নামের একটি আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।

শনিবার দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ ওই হোটেলের কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। নিহত ইলিয়াছ কাজী পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি ইউনিয়নের কাজী বাড়ির আদম আলী কাজীর ছেলে।

নিহতের ছেলে মাহদী হাসান জানান, তাঁর বাবা গত ৮ জুন বাড়ি থেকে নিখোঁজ হন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং-৬১৮) করেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে হাজীগঞ্জে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে তিনি বাবার লাশ শনাক্ত করেন।

হোটেল মালিক ফারুক হোসেন লিটন জানান, গত ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় মো. ইলিয়াস কাজী তাঁদের হোটেলে ওঠেন। আজ শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত কক্ষের দরজা বন্ধ থাকায় এবং বারবার নক করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেএইচআর