রংপুরের কাউনিয়া উপজেলার বেইলিব্রীজ বাজার এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুর থেকে ১৩ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেইলিব্রীজ বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মাইক্রোবাসটির গতি অতিরিক্ত থাকায় চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন