পিরোজপুরের জিয়ানগরে স্ত্রীর সঙ্গে অভিমান করে তুহিন হাওলাদার (২৯) নামের এক যুবক সিলিং ফ্যানে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে তিনি আত্মহত্যা করেন। আজ সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত তুহিন হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলার। তার স্ত্রী ফারজানা রিশাদ জিয়ানগর উপজেলায় এলজিইডি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী। তাদের দুই ছেলে-মেয়েকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশে আ. হালিমের ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তারা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্ত্রী ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং ঝালকাঠি থানার একটি মাদক মামলায় তিনি কারাবন্দি ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জেরে ওই দিন বাকবিবাদ হয়।
জিয়ানগর থানার এএসআই মো. শাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন