রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর শ্রীরামপুর নদীর ধারে চর মাজারদিয়াড় এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চর মাজারদিয়াড়ে উৎপাদিত কৃষিপণ্য নদী পার হয়ে রাজশাহী শহরে নিতে হয়। তবে খেয়াঘাটে ইজারার তালিকা বা চার্ট প্রদর্শন করা হয় না। এছাড়া ইজারাদাররা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ও অযৌক্তিক টোল আদায় করেন। প্রতিবাদ করলে সাধারণ মানুষকে অনেক সময় শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থার কারণে এলাকার অধিকাংশ আবাদি জমি প্রতিবছর পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এতে কৃষিনির্ভর মানুষের জীবিকা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। কৃষিপণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া ছাড়া এই ঘাটে উল্লেখযোগ্য কোনো বাণিজ্যিক কার্যক্রম নেই।
মানববন্ধনে জানানো হয়, পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর মাজারদিয়াড় এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। এলাকায় কোনো গরুর করিডোর বা বিকল্প পারাপার ব্যবস্থা না থাকায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।
এ কারণে এলাকাবাসী চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবি জানান।
মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চর মাজারদিয়াড় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, জেলা জজ কোর্টের অ্যাডভোকেট সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন