জ্বালানি তেল পাচার ঠেকাতে রাজশাহীতে বিজিবির কড়া নজরদারি

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৬:০৮ পিএম
জ্বালানি তেল পাচার ঠেকাতে রাজশাহীতে বিজিবির কড়া নজরদারি

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো ও ফিলিং স্টেশনগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার দুপুরে রাজশাহী রেলস্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপোর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম হওয়ায় পাচারের ঝুঁকি থাকে। এ কারণে সীমান্তজুড়ে বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন আইসিটি পয়েন্টে ট্রাকের ট্যাংকারে তেলের পরিমাণ প্রবেশ ও প্রস্থানের সময় যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী বিওপিগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং নৌপথেও টহল জোরদার করা হয়েছে, যাতে ব্যারেল বা জার্কিনে করে তেল পাচার করা না যায়।

তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত ২৫ মার্চ থেকে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব ডিপোতে সার্বক্ষণিক টহল ও তদারকি চলছে।

বিজিবি জানায়, রাজশাহীর তিনটি ডিপো থেকে ৬৪টি পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ করা হয়। এর মধ্যে সীমান্তঘেঁষা এলাকায় ১২টি পাম্প রয়েছে, যেখানে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্ত এলাকায় ১৬টি বিওপির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পর্যন্ত ১৯২টি বিশেষ টহল ও তল্লাশি অভিযান এবং ২২৮টি ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া বেলপুকুর ও রাজাবাড়ি চেকপোস্টে প্রায় ২ হাজার ৫০০ যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। নৌপথে স্পিডবোট দিয়ে ৪৮টি টহল পরিচালনা করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেল পাচার রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন