সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৩:৩২ পিএম
সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্যান্টের পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ রামখানা ও অনন্তপুর বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালায়। সকাল সাড়ে ১০টায় রামখানা বিওপি এবং বেলা ১১টায় অনন্তপুর বিওপির টহল দল নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৬৭টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, ৭ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩৬ হাজার টাকা মূল্যের ৩ থান প্যান্টের পিস। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

জেএইচআর