জামালপুরে একদিনে দুই শিশুসহ ৬ জন ধর্ষণের শিকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৩:৪৩ পিএম
জামালপুরে একদিনে দুই শিশুসহ ৬ জন ধর্ষণের শিকার

জামালপুরে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ ছয়জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। লোমহর্ষক এসব ঘটনায় জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকেল থেকে রবিবার বিকেলের মধ্যে পৃথক এসব নির্যাতনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুদুর রহমানের (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান ঘরে ঢুকে শিশুটিকে নির্যানতন করেন এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন। পরে শিশুটি তার মাকে বিস্তারিত জানালে শনিবার রাতেই থানায় অভিযোগ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদুর রহমান পলাতক রয়েছেন।

মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

একই সময়ের মধ্যে জেলায় আরও পাঁচজন ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ইসলামপুর উপজেলার চার বছরের এক শিশু ও ২৯ বছর বয়সী এক নারী, মেলান্দহ উপজেলার ১৭ বছরের এক কিশোরী, জামালপুর পৌরসভার ২১ বছরের এক তরুণী এবং সদর উপজেলার ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।

জামালপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার জন্য আলামত সংগ্রহের কাজ চলছে।

একই দিনে জেলায় এতগুলো বর্বর নির্যাতনের ঘটনায় স্থানীয়রা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

জেএইচআর