চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে আলাউদ্দিন রিয়াজ (২৮) নামে এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিশাইর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজ রোববার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। রাতে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে বড় ভাই রিয়াজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ছোট ভাই শিহাব। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না পেয়ে পরিবারের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে পরিবার দাবি করেছে। মাদকাসক্তির পাশাপাশি তিনি মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত ছিলেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন