কর্ণফুলীতে সন্দেহজনক হাম রোগী শনাক্ত, টিকাদানে জোর তৎপরতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:০৩ পিএম
কর্ণফুলীতে সন্দেহজনক হাম রোগী শনাক্ত, টিকাদানে জোর তৎপরতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুই শিশুর শরীরে সন্দেহজনক হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আক্রান্ত দুই শিশু উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে ৬ মাস বয়সী এক শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বড় ভাইয়ের শরীরেও হামের উপসর্গ দেখা দেওয়ায় তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুনেসা কেয়া জানান, স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়িতে গিয়ে আক্রান্ত শিশুর চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এছাড়া নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকাদান অবস্থা যাচাই করা হচ্ছে।

ডা. জেবুনেসা কেয়া বলেন, ৯ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি। অভিভাবকদের শিশুদের টিকাকার্ড যাচাই করে নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, ১৫ মাস থেকে ২ বছর বয়সী কোনো শিশুর টিকা বাদ পড়ে থাকলে দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে তা সম্পন্ন করা উচিত। সময়মতো টিকা গ্রহণই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। স্বাস্থ্য বিভাগের সক্রিয় উদ্যোগ ও জনসচেতনতায় ঝুঁকি মোকাবিলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর