মাগুরায় ছাগলের পা কেটে দেওয়ার জেরে সংঘর্ষ, আহত একাধিক

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:২৬ পিএম
মাগুরায় ছাগলের পা কেটে দেওয়ার জেরে সংঘর্ষ, আহত একাধিক

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কানা বিলের মাঠে একটি ছাগলের পা কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শাহিদ হাসান অনিকের একটি ছাগল প্রতিবেশী টিপু সুলতানের পেঁয়াজ ক্ষেতে ঢুকে পড়ে। অভিযোগ ওঠে, টিপু সুলতান ক্ষিপ্ত হয়ে ছাগলটির পেছনের ডান পায়ে কাঁচি দিয়ে আঘাত করেন। এতে প্রাণীটি গুরুতর আহত হয়। পরে জেলা পশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছাগলটির পায়ে তিনটি সেলাই দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। ভুক্তভোগী অনিকের দাবি, কোনো সতর্কতা না দিয়েই নির্মমভাবে ছাগলটির পা কেটে দেওয়া হয়েছে এবং প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি অসদাচরণ করেন। অন্যদিকে, অভিযুক্ত টিপু সুলতান জানান, ফসল নষ্ট হওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। তবে এটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাটিকে ভিন্নখাতে নিতে স্থানীয় সাবেক চেয়ারম্যানের নাম জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী প্রাণীর প্রতি ইচ্ছাকৃত আঘাত একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

হাজীপুর ক্যাম্পের ইনচার্জ (আইসি) রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জেএইচআর