পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনকে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:০৭ পিএম
পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনকে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা

পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষক-কর্মচারী ঐক্য জোট পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. এনায়েত কবির খান, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ এবং নেছারাবাদ উপজেলার সভাপতি মো. মাইনুল হোসেন।

এছাড়াও নাজিরপুর উপজেলার সভাপতি মো. ইউনুছ আলী ও জিয়ানগর উপজেলার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের এই নিয়োগ পিরোজপুরের শিক্ষাঙ্গন ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত গৌরবের। দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, তার প্রতিফলন ঘটেছে এই দায়িত্বপ্রাপ্তিতে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তার সুযোগ্য নেতৃত্বে জেলা পরিষদের মাধ্যমে পিরোজপুরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবায় নতুন মাত্রা যুক্ত হবে।

সংবর্ধিত অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করব। জেলার সার্বিক উন্নয়নে আমি শিক্ষক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠান শেষে তার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জেএইচআর