শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:২২ পিএম
শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।

রোববার দুপুরে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে জোবেদা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মা-বাবা মেডিক্যাল হলকে ১৫ হাজার টাকা এবং কাশফি মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসব স্যাম্পল ওষুধ ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য বিনামূল্যে সরবরাহ করে থাকে। এসব ওষুধ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও প্রদান করা হবে বলে তিনি সতর্ক করেন।

এএন