ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ ফুটপাত ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু পদ শর্মা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, সোনারগাঁ থানার এসআই রিফাত মিয়া এবং জেলা ও সোনারগাঁ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, মহাসড়কে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উচ্ছেদ অভিযানের ফলে কাঁচপুর মোড় এলাকায় যান চলাচলে গতিশীলতা ফিরে এসেছে। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে মহাসড়কটি দখলমুক্ত রাখা সম্ভব হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন