গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘ প্রতীক্ষার পর জমজ সন্তানের মুখ দেখলেও অভাব আর দুশ্চিন্তার কাছে হার মানলেন এক বাবা। স্ত্রী ও নবজাতক সন্তানদের হাসপাতালে রেখে বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি।
সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোয়ালবাথান এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আলাল উদ্দিন ওই এলাকার মৃত শবদুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর গত রবিবার (৫ এপ্রিল) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে আলালের স্ত্রী সুমি বেগম সিজারের মাধ্যমে জমজ কন্যাসন্তানের জন্ম দেন। রাতে আনন্দ আর উৎকণ্ঠা নিয়ে স্ত্রী ও সন্তানদের হাসপাতালে রেখে বাড়িতে ফিরে আসেন আলাল। পরিবারের অন্য সদস্যরা হাসপাতালেই অবস্থান করছিলেন।
সোমবার সকালে পরিবারের সদস্যরা বারবার কল দিলেও আলাল ফোন ধরছিলেন না। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ঘরের ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই জামাল উদ্দিন জানান, আলাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং প্রায় এক বছর ধরে কোনো কাজ করতে পারছিলেন না। হঠাৎ জমজ সন্তান হওয়ায় তাদের লালন-পালন ও চিকিৎসার খরচ নিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হলেও অভাবের তাড়নায় তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত সন্তানদের মুখ দেখার কয়েক ঘণ্টার মাথায় বাবার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন