কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ইয়াবাসহ বাসের চালক-হেলপার গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:৪০ পিএম
কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ইয়াবাসহ বাসের চালক-হেলপার গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এক বিশেষ অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)। পুলিশ জানিয়েছে, তারা ওই বাসের চালক, সুপারভাইজার ও হেলপার হিসেবে কর্মরত ছিলেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৩৮০) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর ক্রসিং এলাকায় বাসটিকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে বাসটি আটক করা হয়।

তল্লাশিকালে বাসের পেছনে লোহার তৈরি বাক্সে বিশেষ কায়দায় লুকানো ৮টি প্যাকেটে মোট ৮ কেজি হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। এছাড়া ৭০টি নীল রঙের জিপার প্যাকেটে লুকানো ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা কক্সবাজারের অজ্ঞাত সিন্ডিকেটের কাছ থেকে এই মাদকের চালান সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

জেএইচআর