পঞ্চগড় সীমান্ত এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের পাঁচটি ভারতীয় গরু আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। চোরাচালান বিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযানগুলো চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কাজীপাাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সুবেদার মো. একাব্বর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু (২টি বলদ ও ২টি ষাঁড়) উদ্ধার করা হয়। আটককৃত এই চারটি গরুর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।
এর আগে গত ৬ এপ্রিল রাত ৯টা ২০ মিনিটে একই উপজেলার অমরখানা এলাকায় আরেকটি অভিযান চালায় সরদারপাড়া বিওপির বিজিবি সদস্যরা। হাবিলদার মো. ছায়েদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৮/২১-এস ও ৭৭৯/এমপি-এর মধ্যবর্তী স্থান থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু আটক করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানিয়েছে, আটককৃত গরুগুলো বর্তমানে সিজার কার্যক্রমের প্রক্রিয়ায় রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং টহল আরও জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে সীমান্ত অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন