ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন, স্পিড ব্রেকারের দাবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫৫ পিএম
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন, স্পিড ব্রেকারের দাবি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার সকালে বৈরাটি গোরস্থান মাদ্রাসার সামনে আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসীর পাশাপাশি মাইজবাগ পাছপাড়া স্কুল ও জামিয়া ইসলামিয়া বৈরাটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অত্যন্ত ব্যস্ত এই সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা হওয়ায় শিক্ষার্থী ও পথচারীরা চরম আতঙ্কে চলাচল করছেন। তাঁরা আগামী দুই দিনের মধ্যে বৈরাটি গোরস্থান মাদ্রাসার সামনে কার্যকর স্পিড ব্রেকার (গতি নিরোধক) স্থাপনের আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আন্দোলনের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে বলেন, জনগণের নিরাপত্তা ও স্পিড ব্রেকার স্থাপনের দাবিটি অত্যন্ত যৌক্তিক। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

ওসির আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। তবে এলাকাবাসী সাফ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া না হলে তাঁরা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কটিকে নিরাপদ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

জেএইচআর