সাদুল্লাপুরে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৭:০৮ পিএম
সাদুল্লাপুরে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। সভায় উৎসবটি সুশৃঙ্খল ও আনন্দঘন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রধান উৎসব। নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে এই দিনটি উদযাপনের গুরুত্ব অপরিসীম। তিনি অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে। সভা শেষে উৎসবের বিভিন্ন ইভেন্ট সফল করতে পৃথক কমিটি ও দায়িত্ব বণ্টন করা হয়।

জেএইচআর