রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় মাটিবাহী ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে রাশেদা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাশেদা বেগমসহ একই গ্রামের পাঁচজন একটি মামলার হাজিরা দিতে অটোরিকশাযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটি মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক্টর সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাশেদা বেগম মারা যান।
এই দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- জিল্লুর রহমান (৬০), জাহেদুল ইসলাম (৫০), আব্দুল রশিদ (৫৫) এবং সোনালী বেগম (৫০)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হতাহতরা সবাই একই গ্রামের বাসিন্দা এবং পরস্পরের আত্মীয় বলে জানা গেছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন