সাঘাটায় অবৈধ বালু উত্তোলনরোধে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০২:৪৭ পিএম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলনরোধে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২

গাইবান্ধার সাঘাটায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে দুই অবৈধ বালু উত্তোলনকারী গ্রেফতার হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন সাঘাটা থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম।

শুক্রবার উপজেলার মুন্সীরহাট ও হলদিয়া ইউনিয়নের নলছিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ মিয়া (৪২) ও জুয়েল আমিন (৩৭) নামে দুইজন কে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। আটককৃত সবুজ মিয়া কচুয়াহাট গ্রামের আব্দুল কুদ্দুস ও জুয়েল আমিন উত্তর সাথালিয়া গ্রামের জহির উদ্দিন সরকারের ছেলে।

সাঘাটা থানা সূত্রে জানা যায়, আটককৃতরা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এমতাবস্থায় সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম ও তার সঙ্গীয় ফোর্সসহ মুন্সীরহাট ও হলদিয়া ইউনিয়ন থেকে বিশেষ অভিযানে এ দুই ব্যক্তিকে আটক করে। নিয়মিত মামলা দায়ের করে শনিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ এ প্রতিবেদককে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে এমন অভিযান অব্যাহত থাকবে। নদীর বালু লুটতরাজের সাথে জড়িত কেউই রেহাই পাবে না।

প্রসঙ্গত, আটককৃতদের মাঝে সবুজ মিয়াকে এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন কতৃক অভিযানে সাঘাটার সহকারী কমিশনার ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করে।

জেএইচআর