নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:৪৭ পিএম
নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ১১ দল। রোববার বিকেলে শহরের প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

বাদ আসর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও মাওলানা আব্দুল হাকিম।

এ ছাড়াও জেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও নেতৃবৃন্দ জানিয়েছেন, দাবি আদায়ে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জেএইচআর