কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:১৪ পিএম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান ও জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন অংশগ্রহণ করেন। এ ছাড়াও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমান জ্বালানি তেল সংকট নিরসনে প্রতিটি উপজেলায় ‘ফুয়েল কার্ড’ নিশ্চিত করে তেল সরবরাহের বিষয়ে ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, যানজট নিরসন ও ইভটিজিং প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং এবং চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল আরও জোরদার করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনস্বার্থে এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

জেএইচআর