“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিচিত্র আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন। ব্যানার, ফেস্টুন আর লোকজ ঐতিহ্যের নানা উপকরণে সাজানো এই শোভাযাত্রাটি পুরো নগরজুড়ে এক উৎসবের আমেজ সৃষ্টি করে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়াও পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোভাযাত্রায় শামিল হন।
শোভাযাত্রা শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর সেখানে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। রাজশাহীর সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাঙালিয়ানার এক মিলনমেলায় পরিণত হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন