জয়পুরহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৫:৫৭ পিএম
জয়পুরহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

জয়পুরহাটে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় জেলাবাসী।

পহেলা বৈশাখ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বৈশাখী সাজে সজ্জিত মানুষের পদচারণায় পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়।

শোভাযাত্রা শেষে কালেক্টরেট মাঠে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা জাসাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান।

বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পান্তা-ইলিশ, চিড়া-দইসহ ঐতিহ্যবাহী সব বাঙালি খাবারের আয়োজন করা হয়। এছাড়াও নববর্ষকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন চলছে। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ ও হরেক রকমের মিষ্টান্ন নিয়ে স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। নববর্ষের এই সম্মিলিত আয়োজন জয়পুরহাটের মানুষের মাঝে সম্প্রীতি ও উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।

জেএইচআর