নওগাঁর সাপাহার উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান, তিল ও মুগ ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন জানান, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ২,২০০ জন কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে।
এর মধ্যে রোপা আমন চাষের জন্য প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া তিল ও মুগ ডাল চাষের জন্য নির্ধারিত কৃষকদের মাঝেও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনিরুজ্জামান টকি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাপাহার, গোয়ালা, তিলনা, আইহাই, পাতাড়ী ও শিরন্টি ইউনিয়নের কৃষকদের এই সহায়তা প্রদান করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন