নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে খাল পুনর্খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে মাকতাপুর মোড় থেকে হাতিখোচা বিল অভিমুখে একশত মিটার দৈর্ঘ্যর এই খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। ফলক উন্মোচন ও কোদাল দিয়ে মাটি খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধন শেষে তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী কৃষি উৎপাদন বাড়াতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী এই কর্মসূচি পুনরায় শুরু হয়েছে। পোরশা উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এই খনন কাজ শুরু হলো এবং পর্যায়ক্রমে উপজেলার আরও খাল খনন করা হবে।
সংসদ সদস্য আরও উল্লেখ করেন, এই খাল খননের ফলে পুনর্ভাবা নদীর নাব্যতা ফিরে আসবে এবং বর্ষাকালে ডুবে থাকা বিলগুলো জেগে উঠবে। এতে কৃষকেরা বিভিন্ন ফসল উৎপাদন করতে সক্ষম হবেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাল খনন কর্মসূচির পর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউস ধান, তিল ও মুগ বীজ এবং সার বিতরণ কাজেরও উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন (সুফি), তৌফিকুর রহমান চৌধুরী, রাকিবুল ইসলাম রাকিবসহ সকল পর্যায়ের দলীয় নেতাকর্মী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন