যবিপ্রবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ইয়ারুল কবীর

যশোর ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৫৮ পিএম
যবিপ্রবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ইয়ারুল কবীর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের খ্যাতিমান অধ্যাপক ড. ইয়ারুল কবীর। 

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

বুধবার সকালে যোগদানের পূর্বে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে মোনাজাত পরিচালনা করা হয়। 

এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ থেকে ২০২৪ সালের সকল বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। যোগদানের আনুষ্ঠানিকতা শেষে তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেন।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় অনেক এগিয়ে আছে। আমাদের এই একাডেমিক কাজকে আরও বেগবান করতে হবে। গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান জাতির কল্যাণে বিলিয়ে দিতে হবে। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের পাশাপাশি সহপাঠ্যক্রমেও মনোযোগী হতে হবে। একটি ন্যায্য ও মানবিক পরিবেশ গড়তে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ড. ইয়ারুল কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 

দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা সাময়িকীতে তাঁর ১৪০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ১৯৫৮ সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করা এই বিজ্ঞানী শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের একজন সম্মানিত ফেলো।

জেএইচআর