রাসিকে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:১১ পিএম
রাসিকে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় মহানগরীতে ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ১৪ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুকে টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে দুইজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে একজন টিকাদানকারী ও একজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। পূর্বে টিকা নেওয়া থাকলেও এ বয়সসীমার সব শিশুই এ ক্যাম্পেইনের আওতায় আসবে।

টিকা গ্রহণে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ইপিআই অ্যাপে নিবন্ধন করা যাবে। তবে সরাসরি কেন্দ্রেও টিকা নেওয়ার সুযোগ থাকবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য শিশুরা নিকটবর্তী কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। টিকা গ্রহণের পর অ্যাপ থেকে সনদ ডাউনলোড করা যাবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান বক্তব্য দেন। সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

এএন