মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ছিলাচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বিলকিস বেগম নামে এক নারী রোগী শরীরে একটি ফোঁড়া নিয়ে চিকিৎসা নিতে শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে পরিবারের সদস্যরা বিলকিস বেগমকে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে রাত আনুমানিক ১১টার দিকে তিনি মারা যান বলে অভিযোগ করা হয়।
রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে নিহতের স্বজনরা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। ভাঙচুরে হাসপাতালের চিকিৎসকের চেম্বার, রিসেপশনসহ গুরুত্বপূর্ণ অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, রোগীর মৃত্যুর বিষয়টি এবং হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন