রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন। বুধবার বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।
আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি করা হয়েছে। দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে আরএমপির পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি করা হয়েছে।
এ ছাড়া বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে একই পদে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি নিয়মিত বদলি। কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই প্রয়োজন অনুযায়ী এসব পদায়ন করা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন