এমপি এনাম

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৫২ পিএম
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার সার্বিক উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। 

শুক্রবার পটিয়া উপজেলার শতবর্ষী পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি এনাম বলেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা স্বাভাবিক, কিন্তু পটিয়ার স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন। আমি কোনো নির্দিষ্ট দলের নই, আমি সাধারণ জনগণের।

মসজিদ আল্লাহর ঘর উল্লেখ করে তিনি এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ছবি টাঙানোর পরিবর্তে কালিমা লিখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও নিশ্চিত করেছে।

পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিকুল আলম চেয়ারম্যান, আবুল বশর সিআইপি এবং শফিউল আলম বাদশা। এছাড়া যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জেএইচআর